রাজধানীর মিরপুরে অবস্থিত সুন্দরবন ভবনের নিজস্ব কার্যালয়ে আজ ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হলো বৃহত্তর খুলনা সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদের ৯ম তম সভা।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম এ সালাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি। উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ আফসার আলীসহ নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য সংখ্যা বৃদ্ধি, সমাজসেবা কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন, এবং প্রবাসে থাকা খুলনাবাসীদের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “বৃহত্তর খুলনা সমিতির কার্যক্রমকে আরও সামনে এগিয়ে নিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। সমিতির প্রতিটি সদস্যই এই সংগঠনের প্রাণ, তাই সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের অংশগ্রহণ ও সহযোগিতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা চাই খুলনা অঞ্চলের উন্নয়ন, সংস্কৃতি, এবং ঐতিহ্যকে ঢাকায় ছড়িয়ে দিতে। সেই লক্ষ্যেই আমরা সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করে তুলব।”
সভায় বক্তারা সমিতির অতীত সাফল্য তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার এই ঐক্য ও অগ্রযাত্রা সমাজকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
সভা শেষে সভাপতি এম এ সালাম উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বৃহত্তর খুলনা সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। আমরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব।”
সভা শেষে সবাই মিলিতভাবে ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘটে।
Leave a Reply