রাজধানীর রামপুরার অন্যতম বৃহৎ ও সুপরিকল্পিত আবাসিক এলাকা বনশ্রীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বনশ্রী সোসাইটির কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। আবাসিক এলাকার উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং সোসাইটির নেতৃত্ব নির্ধারণে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রজুড়ে ছিল উৎসবের আমেজ।
গত শনিবার (২৭ জুন) সকাল ৮টায় বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ পরিদর্শনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় তিনটি প্যানেল বা পরিষদের মধ্যে। এগুলো হলো বাতেন-দুলাল পরিষদ, শাহাবুদ্দিন-রেজা পরিষদ এবং কালাম-হক পরিষদ। কার্যনির্বাহী কমিটির ৩৭টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে মোট ১১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং নতুন কার্যনির্বাহী কমিটি বনশ্রী সোসাইটির উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ ও আবাসিক পরিবেশের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
Leave a Reply