মানবতার দেয়াল ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুদান প্রদানমানবতার দেয়াল ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে অনুদান প্রদান করেছেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন মোঃ মোস্তাফিজুল আজম (মামুন)।
আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে মানবতার দেয়াল ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এ বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে লায়ন মোঃ মোস্তাফিজুল আজম (মামুন) সংগঠনটির কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে এ অনুদান প্রদান করেন।অনুদান গ্রহণ করেন মানবতার দেয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবুল বাশার।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও স্টার স্টেপ ফুটওয়্যারের সিইও লায়ন মোঃ সোয়েব মজুমদার এবং সংগঠনের সদস্য ও দৈনিক স্বাধীন ভোরের রিপোর্টার কাম-অ্যাডভার্টাইজার মোহাম্মাদ ইলিয়াস হোসেন।
লায়ন মোঃ মোস্তাফিজুল আজম (মামুন) দীর্ঘদিন ধরে সমাজসেবা, সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে অবদান রেখে চলেছেন। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক, ইসলামিক ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (বিজনেস প্রোমোশন), ফুলগাজী হেলথ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান, সাপ্তাহিক অগ্নিবার্তার যুগ্ম নির্বাহী সম্পাদক এবং মাসিক ম্যাগাজিন ‘দ্য বর্ণালী’-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ফেনী সমিতি, ঢাকা এবং ফুলগাজী নজরুল একাডেমির আজীবন সদস্য।
অনুদান প্রদানকালে লায়ন মোঃ মোস্তাফিজুল আজম (মামুন) বলেন, মানবিক মূল্যবোধ, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মানবতার দেয়াল ফাউন্ডেশনের মতো সংগঠনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজের গুণীজনদের সম্মাননা প্রদান একটি ইতিবাচক সামাজিক উদ্যোগ। তিনি ভবিষ্যতেও সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
মানবতার দেয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন, কৃতি শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা ও কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান ছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।আয়োজকরা আশা প্রকাশ করেন, মানবিকতা, শিক্ষা ও সামাজিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি সমাজে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে মানবসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।
Leave a Reply