নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে রোটারি মেম্বারশিপ সেমিনার ২০২৬। শনিবার (৮ আগস্ট ২০২৬) রাজধানীর বিআইএএম অডিটোরিয়ামে রোটারি ডিস্ট্রিক্টস ৬৪ ও ৬৫, বাংলাদেশ-এর আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে রোটারির সদস্য বৃদ্ধি, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্বের বিকাশ এবং মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে রোটারির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রোটারিয়ান ড. এম ইসিন আলী, রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটানের প্রেসিডেন্ট-ইলেক্ট, রোটারির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আরও কার্যকর ও টেকসই সেবামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রোটারির “Create Lasting Impact” দর্শনকে সামনে রেখে নতুন উদ্যম, দায়িত্ববোধ ও অঙ্গীকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারে রোটারি ক্লাব অব ঢাকা আড়ং-ঢাকার সদস্য খান আকতারুজ্জামানকে রোটারি ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। রোটারি ক্লাব অব ঢাকা আড়ং-ঢাকার ক্লাব প্রেসিডেন্ট (২০২৬-২০২৭) রোটা. মোহাম্মদ আশরাফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে রোটারি ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দেন।
এ সময় খান আকতারুজ্জামান রোটারির মূল্যবোধ ও সেবার আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ ও মানবিক সেবার মাধ্যমে সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
উল্লেখ্য, খান আকতারুজ্জামান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, বাংলা একাডেমি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB), খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সঙ্গে যুক্ত।
সেমিনারের মাধ্যমে রোটারি সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হওয়ার পাশাপাশি ভবিষ্যতে মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply