নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দেশের প্রথম ও একমাত্র বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সম্মেলন-২০২৬ গত ১৭ জুলাই, শুক্রবার রাজধানীর বিজয়নগরস্থ হোটেল অরনেটে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক নেতা এবং গণমাধ্যমকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।
অতিথির বক্তব্যে লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বলেন, “একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যম একটি উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান ভিত্তি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি সাংবাদিকদের মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের কথা তুলে ধরতে হবে। সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি জাতি ও রাষ্ট্রের প্রতি এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।”
তিনি আরও বলেন, “লায়ন্স ইন্টারন্যাশনালের মূলমন্ত্র ‘We Serve’। এই সেবার দর্শনকে ধারণ করে সাংবাদিক সমাজ এবং সামাজিক সংগঠনগুলো একযোগে কাজ করলে মানবকল্যাণ, সামাজিক ন্যায়বিচার ও উন্নয়নের পথ আরও সুদৃঢ় হবে। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে সাংবাদিকদের ইতিবাচক, অনুসন্ধানী এবং দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সম্মেলনে বক্তারা সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জাতীয় উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
Leave a Reply