রাজধানীর ঐতিহ্যবাহী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গত ৯ মে ২০২৬ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ১, বাংলাদেশের ৩১তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশন ২০২৬। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সমাজসেবক, সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বিশেষ এক মুহূর্তে বাংলাদেশি রাজনীতিবিদ, চিকিৎসক ও লেখক, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য দেওয়ান ডা. মোহাম্মদ সালাউদ্দিন সমাজসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান করেন।
দেওয়ান ডা. মোহাম্মদ সালাউদ্দিন দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি ১৯৯১ সালে দশম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯৩ সালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়ে আসেন এবং ১৯৯৬ সালে স্বেচ্ছায় সরকারি চাকরি থেকে অব্যাহতি গ্রহণ করেন।
শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি ১৯৯৩ সালে আশুলিয়ার শ্রীখণ্ডিয়া গ্রামে তাঁর মায়ের নামে ‘সালেহা ইদ্রিস প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। এছাড়াও তিনি ‘জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ’, ‘দেওয়ান ইদ্রিস ল’ কলেজ’ এবং ‘নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
রাজনৈতিক জীবনেও তিনি দীর্ঘদিন সক্রিয় রয়েছেন। ১৯৯০ সালে রাজনীতিতে যুক্ত হওয়ার পর তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি আশুলিয়া থানা বিএনপির সভাপতি এবং ঢাকা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মাননা প্রাপ্ত আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা সমাজসেবা, মানবকল্যাণ ও শিক্ষার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্য, সম্মাননা ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনমেলা।
Leave a Reply