নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর এক গুরুত্বপূর্ণ বিশেষ পর্যালোচনা ও সাংগঠনিক সভা। গত ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭টায় গ্রীন রোডে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ৩ মে বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে বিশেষ আয়োজনের পাশাপাশি সংগঠনের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে—বোমা’র নিবন্ধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন, সংগঠনের তহবিল শক্তিশালীকরণ, অনলাইন গণমাধ্যম সম্মেলন-২০২৬ আয়োজন, ম্যাগাজিন প্রকাশ, ব্যাংক হিসাব খোলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অনলাইন গণমাধ্যমের মানোন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল নীতিমালায় অনলাইন সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ড. রেজাউল করীম চৌধুরী, সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল, শরীফ উদ্দিন মিঠু, মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম তুষার, অর্থ সম্পাদক রফিকুল হুদা, প্রকাশনা সম্পাদক ও প্রাইম নিউজ ডটকম-এর রাশেদ বাবু ও জাহাঙ্গীর সিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন অনলাইন মিডিয়ার সম্পাদক-প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং দেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সভাটি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply