বাংলার নিউজ ৭১ ডেস্ক
পবিত্র মাহে রমজানের সিয়াম-সাধনা, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা ধারণ করে সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার উদ্যোগে “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ২০২৬ খ্রি., ১৬ রমজান ১৪৪৭ হিজরি) বিকাল ৪টায় রাজধানীর শের-ই-বাংলা নগর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের (৭ম তলা) মিলনায়তনে এ আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে রমজানের শিক্ষা, সংযম ও মানবকল্যাণের গুরুত্ব তুলে ধরা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী আবুল কাসেম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা। ইফতার মাহফিলের আহ্বায়ক ছিলেন মোঃ আফসার আলী।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, আন্তর্জাতিক ব্যবসা ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উক্ত মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্য অতিথিবৃন্দের সম্মিলিত উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও অর্থবহ ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হয় এবং ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply