
অনলাইন ডেস্ক: আজ ১৯ জুলাই ২০২৫, শনিবার রাজধানীর প্রাণকেন্দ্র ৪৫, দিলকুশা, ঢাকায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও হৃদয়গ্রাহী পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশ-এর পরিচিতি সভা ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান। নবীন-প্রবীণ সদস্যদের মিলনমেলায় রূপ নেয়া এই আয়োজনটি যেন এক নতুন প্রত্যয়ের বার্তা বহন করলো।

কুরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি'র চিফ অ্যাডভাইজার, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। অনুষ্ঠানের পুরো সময়জুড়ে সুচারুভাবে সঞ্চালনা করেন ক্লাবের অ্যাডভাইজার ও লায়ন রিপন তরফদার নিয়াম, যিনি একইসঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত সেক্রেটারী।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক শপথ পাঠ করান ক্লাবের চিফ এ্যাডভাইজার লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লিও রবিউল ইসলাম রাফান, সেক্রেটারী হিসেবে লিও সাহিবুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট হিসেবে লিও মো. রেজাউল করিম এবং কমিটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সাহস জুগিয়ে বলেন, তরুণ নেতৃত্বের এই দল ক্লাবকে মানবসেবার এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। বক্তব্যে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন,
“আজকের এই কমিটির মাধ্যমে আমাদের ক্লাব আরও গতিশীল হবে। আমি আশা করি, দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। আমরা গর্বিত এই নতুন নেতৃত্ব পেয়ে।”
নতুন ক্লাব প্রেসিডেন্ট লিও রবিউল ইসলাম রাফান বলেন,
“এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় এক চ্যালেঞ্জও বটে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাব।”
সেক্রেটারী লিও সাহিবুল ইসলাম তার বক্তব্যে বলেন,
“আলহামদুলিল্লাহ, নতুন কমিটিতে দায়িত্ব পেয়ে আমি গর্বিত। বিশেষ করে যাঁরা আমাদের স্বাগত জানিয়েছেন—তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের গর্বের বিষয়, ক্লাবের অভিভাবক হিসেবে আছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং ক্লাব সেক্রেটারী লায়ন রিপন তরফদার নিয়াম। তাঁদের দিকনির্দেশনায় আমরা এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন কমিটির সদস্যদের সম্মান জানিয়ে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। উৎসবমুখর এই আয়োজনে ক্লাব সদস্যদের মাঝে দেখা গেছে এক অসাধারণ বন্ধন ও সম্প্রীতির চিত্র।
এই পরিচিতি সভা শুধু একটি অনুষ্ঠান ছিল না, বরং এটি ছিল আত্মবিশ্বাস, ঐক্য এবং সেবার অঙ্গীকারে এক নতুন সূচনা।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.