
স্টাফ রিপোর্টার: সম্প্রতি রাজধানীর মুগ্ধা-মান্ডা এলাকায় চুরি-ডাকাতির ঘটনা দিন দিন বেড়ে চলেছে। ফলে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। মধ্যবিত্ত পরিবারের জন্য সুলভ ভাড়ায় বাসা পাওয়ায় এলাকাটি বহু মানুষের কাছে আকর্ষণীয় হলেও নিরাপত্তাহীনতার কারণে আতঙ্ক এখন নিত্যসঙ্গী।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি দিন-রাত নির্বিশেষে তালা ভেঙে বাসায় ঢুকে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন এবং ল্যাপটপের মতো মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। এমনকি জানালা বন্ধ থাকা সত্ত্বেও বড় ধরনের পণ্য চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাংলার নিউজ ৭১- কে স্থানীয় অনেকে জানান, প্রতিনিয়ত এ ধরনের অপরাধ ঘটলেও অনেকেই ভয়ে থানায় যাচ্ছেন না। কারণ মামলা করলে হয়তো আরও বেশি খরচ বা হয়রানির শিকার হতে হবে—এমন আশঙ্কায় অনেকে পুলিশের সহযোগিতা নিতে দ্বিধায় ভুগছেন।
একজন ভুক্তভোগী জানান, “রাতের ঘুম কেড়ে নিয়েছে এ চুরি। প্রতিদিনই ভয়ে থাকতে হয়, আজ আবার কোথায় কী ঘটবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, এ অবস্থায় এলাকাবাসীর একমাত্র ভরসা এখন আল্লাহর কাছে প্রার্থনা। তারা আশা করছেন, একদিন সত্য ও ন্যায়ের জয় হবে, সমাজের অপরাধপ্রবণতা কমে আসবে এবং শান্তি ফিরে আসবে।
নিরাপত্তাহীনতার কারণে মানুষের মধ্যে আতঙ্ক বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.