
গতকাল ৭ মে ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় রাজধানীর মিরপুরে অবস্থিত সুন্দরবন ভবনে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা-এর নিজস্ব ভবনে কার্যনির্বাহী পরিষদের ১৮তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভাটি এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম এ সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ করেন সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি।
সভায় আধুনিক ও নান্দনিক সুন্দরবন ভবন নির্মাণকে সামনে রেখে আগামী ১৪ মে আয়োজিত ফান্ড রাইজিং ও ডিনার প্রোগ্রাম সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এই উদ্যোগ বৃহত্তর খুলনার মানুষের ঐক্য, সৌহার্দ্য ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য একটি আধুনিক, কার্যকর ও স্থায়ী কমিউনিটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “আগামী ১৪ মে’র ডিনার প্রোগ্রাম যারা মিস করবেন, তারা সত্যিই অনেক ভালো কিছু থেকে বঞ্চিত হবেন। আমি সবার প্রতি আন্তরিক আহ্বান জানাই, সবাই যেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগকে সফল করেন।”
তিনি আরও বলেন, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা সবসময় সামাজিক সম্প্রীতি, মানবকল্যাণ ও সাংগঠনিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আধুনিক সুন্দরবন ভবন নির্মাণের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, নির্বাহী সদস্য রিপন তরফদার নিয়ামসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে উপস্থিত সদস্যরা সমিতির উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.