
বাংলার নিউজ ৭১ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পাশাপাশি প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করে দলটি।
ইশতেহার পাঠ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অনুষ্ঠান পরিচালনা করেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী। এর আগে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে ইশতেহার ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইশতেহারে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের প্রবাসীকল্যাণ ফাউন্ডেশনের সদস্যপদ দেওয়া হবে। প্রবাসে কর্মরত অবস্থায় মৃত্যু, দুর্ঘটনা বা চাকরি হারালে আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে। পাশাপাশি উদ্যোক্তা প্রবাসীদের জন্য এসএমই ও ভেঞ্চার ক্যাপিটাল সুবিধা, দেশে ফেরত প্রবাসীদের কর্মসংস্থান এবং তাঁদের পরিবারকে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। পুনরায় বিদেশযাত্রায় সহায়তার কথাও উল্লেখ করা হয়।
বিএনপি জানায়, বিগত সময়ে বৈদেশিক কর্মসংস্থানে গড়ে ওঠা সিন্ডিকেট ও প্রতারণা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জনশক্তি প্রস্তুতে অবকাঠামোগত ও গুণগত পরিবর্তন আনা হবে। প্রবাসীদের মানবাধিকারসহ সব অধিকার আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে বলেও ইশতেহারে উল্লেখ রয়েছে।
দলটি পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণ, ভাতা প্রদান, দরিদ্রদের শূন্য বা ন্যূনতম খরচে বিদেশে প্রেরণ এবং ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া বিমানবন্দর ও দূতাবাসে প্রবাসীদের জন্য সম্মানজনক ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করার পাশাপাশি লাগেজ সুবিধায় নিরাপত্তা জোরদারের অঙ্গীকার করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্টসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.