
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা জানানো হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ প্রতিমন্ত্রীকে ‘লায়ন্স ইন্টারন্যাশনাল পিন’ পরিয়ে এই বিশেষ সম্মাননা জানান।
শেখ ফরিদুল ইসলাম ১৯৭০ সালের ৩ জানুয়ারি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বড়দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ এস.কে. আব্দুর রহমান এবং মাতা আলহাজ শাখিনা বেগম।
রাজনীতির পাশাপাশি তিনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১২ সালে যুক্তরাষ্ট্রের আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল— “বাংলাদেশের সুন্দরবনে জলবায়ু পরিবর্তন ও জীবিকায় এর প্রভাব”।
২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
জনসেবায় তিনি দীর্ঘদিন ধরে বিনামূল্যে চক্ষু সেবার সাথে নিবিড়ভাবে যুক্ত আছেন।
প্রতিমন্ত্রীকে সম্মাননা প্রদানকারী লায়ন খান আকতারুজ্জামান দেশের একজন বিশিষ্ট সমাজসেবক। তিনি আজাদ স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি (ঢাকা)-এর দপ্তর সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, খুলনা চেম্বার অব কমার্সসহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পেশাজীবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ শেখ ফরিদুল ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা ও পরিবেশ রক্ষায় তাঁর বিশেষায়িত জ্ঞানের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে সুন্দরবনসহ দেশের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গৃহীত হবে।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.