
বাংলার নিউজ ৭১
রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ বিকেলে উৎসবমুখর পরিবেশে শুরু হলো বহুল প্রতীক্ষিত অমর একুশে বইমেলা ২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল ৩টা ১২ মিনিটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে বিকেল ৩টা ১৬ মিনিটে তিনি তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফিতা কেটে মেলার দ্বার উন্মুক্ত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাহিত্য ও সংস্কৃতির বিকাশে বইমেলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা ও মুক্তচিন্তার ধারাকে সমুন্নত রাখতে অমর একুশে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশে এ মেলা এক অনন্য আয়োজন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। পরে তিনি তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশক ও লেখকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলা একাডেমীর আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী দিনে বইপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বাংলা একাডেমি প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যে ভরপুর। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু হওয়া এই বইমেলা আগামী দিনগুলোতে সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.