
বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার উদ্যোগে আধুনিক “সুন্দরবন ভবন” নির্মাণকে কেন্দ্র করে এক জাঁকজমকপূর্ণ ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশান ক্লাবের লামডা হলে আয়োজিত এ অনুষ্ঠানে বৃহত্তর খুলনা অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেন বৃহত্তর খুলনা অঞ্চলের (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) সংসদ সদস্যবৃন্দ, দেশের খ্যাতিমান ব্যবসায়ী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও উন্নয়ন ভাবনায় পরিপূর্ণ।
সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার সভাপতি এম এ সালাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আধুনিক সুন্দরবন ভবন নির্মাণের মাধ্যমে বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের জন্য একটি মর্যাদাপূর্ণ ও বহুমুখী কার্যক্রম পরিচালনার কেন্দ্র গড়ে তোলা সম্ভব হবে, যা ভবিষ্যতে সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের বিশেষ এক মুহূর্তে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির উপদেষ্টা আলী আজগর লবি। এ সময় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানটি বৃহত্তর খুলনা অঞ্চলের উন্নয়ন, ঐক্য ও ভবিষ্যৎ পরিকল্পনার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় বলে উপস্থিত অতিথিরা অভিমত ব্যক্ত করেন।
www.banglarnews71.com
Copyright © 2026 Banglar News 71. All rights reserved.